Thursday, 29 October 2026 | 12:35:29 am
ব্রেকিং
জাতীয়

অপ্রতিম হত্যা: ১২ ঘণ্টার মধ্যে জড়িত সবাই গ্রেপ্তার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে জড়িত সবাইকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপ্রতিম নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও তিনি জানান।

মন্ত্রী বলেন, হত্যাকাণ্ডের পারিপার্শ্বিক তথ্য-উপাত্ত দ্রুত সংগ্রহ এবং অল্প সময়ের মধ্যে সন্দেহভাজনদের গ্রেপ্তারের জন্য পুলিশের প্রশংসা করা উচিত। হত্যাকাণ্ডে ব্যবহৃত মুঠোফোনটি উদ্ধার করা হয়েছে এবং কিছু আলামতও পাওয়া গেছে। এ ঘটনায় ফরেনসিক বিশ্লেষণ চলছে। ময়নাতদন্ত শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বয়স নিহত কিশোরের চেয়ে ৫ থেকে ১০ বছর বেশি। তাদের অনেকটা কিশোর অপরাধীর মতো বলে উল্লেখ করেন তিনি। আইন অনুযায়ী এ ঘটনায় পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার মামলার মতো অপ্রতিম হত্যা মামলার তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সমাজে দীর্ঘদিন ধরে নৈতিক অবক্ষয় ও পচনের বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সচেতন নাগরিকদের ভূমিকা রয়েছে। অপরাধের পেছনে অনেক ক্ষেত্রে মাদক ও জুয়ার সংশ্লিষ্টতা পাওয়া যায় বলেও উল্লেখ করেন তিনি।

এ সমস্যা মোকাবিলায় স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং উদ্বুদ্ধকরণমূলক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর মতে, এসব উদ্যোগ শিশু-কিশোরদের সঠিকভাবে গড়ে উঠতে সহায়তা করতে পারে।

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, অপরাধ সংঘটিত হওয়ার পর বিচার হচ্ছে কি না, সেটি গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জঘন্য অপরাধগুলোর রহস্য দ্রুত উদ্‌ঘাটনে সক্ষম হয়েছে বলে তিনি দাবি করেন। যেসব ঘটনার তদন্ত সময়সাপেক্ষ, সেগুলোর কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান তিনি।

গত শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। প্রায় ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

অপ্রতিম কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে কুমিল্লা সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকায় মা-বাবার সঙ্গে বসবাস করত। তার মা নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এবং বাবা কে এম ফিরোজ শাহরিয়ার মোবাইল অ্যাকসেসরিজের ব্যবসা করেন।

সংবাদটি কেমন লেগেছে?

আপনার মতামত লিখুন

নাম ও মন্তব্য আবশ্যক। অশালীন বা আপত্তিকর ভাষা ব্যবহার করা যাবে না।