মেলান্দহ সরকারি কলেজ প্রাঙ্গণের মূল্যবান দুটি মেহগনি গাছ কেটে বিক্রির ঘটনায় নৈশপ্রহরী রফিকুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত সুপারিশের ভিত্তিতে তার বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
কলেজ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে কলেজ প্রাঙ্গণ থেকে বিশালাকৃতির দুটি মেহগনি গাছ কেটে সরিয়ে নেওয়ার ঘটনা সামনে আসে। বিষয়টি শিক্ষার্থী ও স্থানীয়দের নজরে এলে কলেজের সম্পদ রক্ষা ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।
ঘটনার পর কলেজ প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি সরেজমিন পরিদর্শন, সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ এবং প্রাপ্ত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করে। চূড়ান্ত প্রতিবেদনে নৈশপ্রহরী রফিকুল ইসলামের সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে বলে কলেজ সূত্র জানিয়েছে।
তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে বরখাস্তের আদেশ দেয়।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি প্রতিষ্ঠানের সম্পদ রক্ষায় দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তির অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না। প্রতিষ্ঠানের শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এমন ঘটনায় প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে রফিকুল ইসলামের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে সংযোজন করা হবে।

আপনার মতামত লিখুন